বঙ্গবন্ধুর ‘ভোগ নয়, ত্যাগ’ আদর্শে উজ্জীবিত আইসিটি বিভাগ
করোনায় গত সাড়ে ৫ মাস ধরে বঙ্গবন্ধুর ‘ভোগ নয়, ত্যাগ’ আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করায় আইসিটি বিভাগের ৩০ জনেরও বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় ‘বঙ্গবন্ধু একটি অনুপ্রেরণার নাম’ উল্লেখ করে ‘সহাস ও প্রজ্ঞা’ গুণ বঙ্গবন্ধুকে অনন্য অবস্থানে নিয়ে গেছে বলেও সকলকে স্মরণ করিয়ে দেন তিনি।
আইসিটি বিভাগের কর্মকর্তা কর্মচারিদের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আবার কর্মক্ষেত্রে ফিরে এসে লড়াকু মনোভাব নিয়ে জনগণের সেবা করছেন।
শনিবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শামসুল আলম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপসচিব হাসিনা বেগম ও প্রকল্প পরিচালন বিকর্ন কুমার ঘোষ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এ. বি. এম. আরশাদ হোসেন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও ডিজিটাল মাধ্যমে বিভাগীয় কমিশনার ও সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের জেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা,ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শেখ রাসেল ডিজিটাল সেন্টারের উপকারভোগীরা অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করে বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান।